নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাকিস্তানের হাইকমিশনার।
সাক্ষাতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।