স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজা উদযাপন-সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়।
সভায় বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এসআরবি, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন কার্যালয় ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।