সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের দায়িত্বে কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের দায়িত্বে কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মান উন্নয়নে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান অবস্থা, মিশনগুলোর প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা ও হজ কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ ছাড়া ১৫৩তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতি আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। সম্প্রতি কমিটির কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সহযোগিতা করায় পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে যোগ দেন।

এ সময় পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *