মোঃ মাহমুদুল হাসান:
দেশের সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর। এ সময়ে এসব অপরাধে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এক তথ্যবিবরণীতে জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেন।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।
এ ছাড়া ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ও পুলিশ।
বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহলদল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ শিবগঞ্জ থানার ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই ব্যক্তিকে হেরোইন ও ককটেলসহ আটক করা হয়।
এ ছাড়া ৫৯ বিজিবি জানিয়েছে, গত এক বছরে তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের সদস্যরা কাজ করে যাচ্ছেন। সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।