আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগ দেয়নি — এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জ-৩ আসন (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার রাজনীতি বিএনপি কখনোই সমর্থন করে না। বিএনপি কখনো বিরাজনীতিকরণের রাজনীতি করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি—যেখানে বহু রাজনৈতিক দল থাকবে, ভিন্নমত থাকবে, সমালোচনা থাকবে; আর সেই সবকিছু গ্রহণ করেই সামনের দিকে এগিয়ে যাওয়াই বিএনপির রাজনীতি।

তিনি বলেন, আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল, তাতে বিএনপি যোগ দেয়নি। এ কারণে একটি পক্ষ বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দালাল বলারও চেষ্টা করেছে। অথচ বিএনপি আন্দোলনে অংশ না নিলেও অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতাবলে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।

গত শনিবার রাতের কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী আরও বলেন, আমি এর আগেও এই আসন থেকে দু’বার নির্বাচন করেছি। কিন্তু তখন ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না। আজ সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। একটি তুলনামূলক স্বাধীন ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবর্তিত পরিবেশেই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের বিবেচনায় যাকে যোগ্য মনে করবেন, তাকে ভোট দেবেন। আপনার ভোটই হবে দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের শক্ত ভিত।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা কেবল একজন এমপি হয়ে থাকতে চাই না। আমি আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই। আপনারা আমাকে অন্তত একবার ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। নির্বাচিত হতে পারলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আলোচনা ও পরামর্শের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবো।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সর্বপ্রথম মাদক নির্মূলে কঠোর উদ্যোগ নেবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবো।

পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *