স্পোর্টস ডেস্ক:
ফিফার বড় টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা। বিশ্বকাপসহ বিভিন্ন বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বিক্রি বা অংশীদারিত্ব দেওয়ার বিতর্কিত পরিকল্পনা আর সামনে আনা হবে না—ফিফার কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পর নিজেদের অবস্থান পরিবর্তন করছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিভিন্ন উদ্যোগের প্রতিবাদে বড় টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল উয়েফা। তবে নতুন পরিস্থিতিতে সেই অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সময়ে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপের ভেতরেই বিরোধ আরও প্রকাশ্য হয়ে উঠেছে।
এই অচলাবস্থার কারণে আগামী মাসে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ফিফার এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বাছাইপর্ব পেরিয়ে যাওয়া সব দলই টুর্নামেন্টে অংশ নেবে।
ফিফার ওই মুখপাত্র বলেন, কঠিন পরিস্থিতিতেও ফুটবল মানুষকে একত্রিত করার ক্ষমতা রাখে। পোল্যান্ডে সব দল ও খেলোয়াড়কে স্বাগত জানাতে তারা প্রস্তুত।
তিনি আরও জানান, ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচি, বিভিন্ন প্রতিযোগিতা ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর কাজ চলবে। পাশাপাশি কনফেডারেশন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পূর্ণাঙ্গ সংলাপও অব্যাহত থাকবে।
শর্ত পূরণ হওয়ায় বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে উয়েফা
রয়টার্সের বিভিন্ন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত এক বৈঠকে উয়েফার কর্মকর্তারা নির্বাহী কমিটি ও অধিকাংশ সদস্য ফেডারেশনের সভাপতিদের জানাবেন যে বয়কট প্রত্যাহারের জন্য সংস্থাটির নির্ধারিত শর্ত পূরণ হয়েছে।
উয়েফার মূল দাবি ছিল, ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে একই ধরনের উদ্যোগ নেওয়া হবে না—এমন নিশ্চয়তা দিতে হবে। ফিফার কাছ থেকে সেই আশ্বাস পাওয়ার পরই বয়কটের অবস্থান থেকে সরে আসছে উয়েফা।
এ বিষয়ে সংশ্লিষ্ট এক সূত্র রয়টার্সকে বলেন, এটি উয়েফার পরাজয় নয়। বরং তরুণ খেলোয়াড়দের ক্যারিয়ারে একবার পাওয়া গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট না করার বাস্তব সিদ্ধান্ত। তবে ফিফায় পরিবর্তনের দাবি ও এ বিষয়ে উয়েফার অবস্থান অব্যাহত থাকবে।
ইউরোপিয়ান লিগসের সভাপতি ক্লডিয়াস শেফারও ফিফার বর্তমান নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ফিফায় ইনফান্তিনোর ভবিষ্যৎ নেই এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কার প্রয়োজন।
ইনফান্তিনোর পাশে নেই ইতালি
ইউরোপে ইনফান্তিনোর বিরুদ্ধে অসন্তোষের আরেকটি বড় উদাহরণ ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত। আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
এক বিবৃতিতে এফআইজিসি জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনা ও ফুটবলের উন্নয়ন নিয়ে ফিফা সভাপতির সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে উয়েফা ও সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের সঙ্গে পূর্ণাঙ্গভাবে একমত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
বাড়ছে ইনফান্তিনোর ওপর চাপ
ইনফান্তিনোর ওপর চাপ দিন দিন বাড়ছে। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো জানিয়েছেন, আগামী মাসে নির্বাহী কমিটির বৈঠকে ইনফান্তিনোকে নিয়ে তাদের অবস্থান নির্ধারণ করা হবে।
ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে এরই মধ্যে তিনটি কনফেডারেশন চাপ তৈরি করছে। এগুলো হলো উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ।
তবে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এখনো ইনফান্তিনোর প্রতি সমর্থন ধরে রেখেছে।
সব মিলিয়ে ফিফা ও উয়েফার মধ্যকার সাম্প্রতিক বিরোধ আপাতত কিছুটা প্রশমিত হলেও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা এখনো কাটেনি। সামনে ফিফা সভাপতি নির্বাচনকে ঘিরে এই বিরোধ আরও বড় আকার নিতে পারে।