ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে বাজার এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার অভিযানে অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ১ মে ২০২৬, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার সংলগ্ন বজল মিয়ার ফার্মেসির সামনে থেকে মোহাম্মদ হাসান (২৮) নামে এক যুবককে জোরপূর্বক সিএনজিযোগে অপহরণ করা হয়। শুক্রবার হওয়ায় আশপাশে লোকজন কম থাকার সুযোগে অপহরণকারীরা তাকে রামু থানাধীন ঈদগড় এলাকার দিকে নিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে ঈদগাঁও থানার একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে ঈদগাঁও থানাধীন পালপাড়া এলাকা থেকে অপহৃত ভিকটিম মোহাম্মদ হাসানকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মোরশেদ আলম (২৬), আবুল বাশার (৫০) এবং নুরুল হাকিম (৩২)-কে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, ভিকটিমের এজাহারের ভিত্তিতে ঈদগাঁও থানায় মামলা নং-২ (তারিখ ০১/০৫/২০২৬), ধারা ৩৬৫/৩৭৯/৩৪ পেনাল কোডে একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই (নিঃ) অচিন্ত কুমার দে।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।