আমির হোসেন:
ঝালকাঠি জেলাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করা হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুবসমাজকে মাদকমুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। ঝালকাঠিবাসীকে একটি মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দিতে চাই। স্বাধীন ও সুখী-সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। দেশের সকল নাগরিক যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকার নিরলসভাবে চেষ্টা চালাচ্ছে।
১ মে শুক্রবার রাতে শহরের কুমার পট্টিস্থ ডা. জিয়াউদ্দিন হায়দারের বাসভবনে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) নিযুক্ত হওয়ার পর গত শুক্রবার বিকেলে তিনি ঝালকাঠিতে প্রথম আগমন করেন। এ উপলক্ষে তার বাসভবনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির অন্যতম সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক মো. ইয়াছিন, তাতীদলের সভাপতি বাচ্চু হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ডা. জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য শত শত দলীয় নেতাকর্মী তার বাসভবনে ভিড় করেন।