মো. রাসেল:
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ-এর অধীনে জেলা-৩-এর অন্তর্ভুক্ত এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট (সনদ) প্রদান ও ম্রো শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় লামা প্রেসক্লাবের কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এপেক্স বাংলাদেশের ১৪২ নম্বর ক্লাব হিসেবে চার্টার সার্টিফিকেট (সনদ) লাভ করেছে সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব লামা।
ক্লাবটি বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত। সমাজের মুক্তচিন্তার মানুষদের একত্রিত করে দুর্গম পাহাড়ি এলাকার কম সৌভাগ্যবান মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২২ সালের ২৯ ডিসেম্বর ক্লাবটি গঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ স্বীকৃতিপ্রাপ্ত ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. তৈয়ব আলীর হাতে চার্টার সার্টিফিকেট হস্তান্তর করেন।
এ সময় দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় উৎসাহিত করতে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদের উদ্যোগে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ-এর এনআইআরডি এপেক্সিয়ান মো. কামাল পাশা, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. লিয়াকত আলী এবং এপেক্স বাংলাদেশ-এর এনইএস এপেক্সিয়ান মোজাম্মেল হক।
এপেক্স ক্লাব অব লামার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো. আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ-এর জেলা-৩ গভর্নর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহসিন ও মো. আরাফাত চৌধুরী।
অনুষ্ঠানে জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ এপেক্স ক্লাব অব লামার বোর্ড কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এবং তাঁদের ২০২৬ বর্ষের জাতীয় সভাপতির লোগো সংবলিত পিন পরিয়ে দেন।
এ সময় স্পন্সর ক্লাব এপেক্স ক্লাব অব চকরিয়ার সাবেক সভাপতি এপে. সাইদুল হক চৌধুরী এপেক্স ক্লাব অব লামার ১১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ-এর জাতীয় নেতৃবৃন্দ, লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাব্বত আলী, এপে. মো. সাইফুল ইসলাম চৌধুরীসহ এপেক্স ক্লাব অব লামার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তাঁরা এপেক্স ক্লাব অব লামার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।