এস. আই. সাগর চৌধুরী ভোলা:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আলোচনা সভা, দোয়া-মাহফিল, মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) ৪৪/১ ধলপুর নতুন রাস্তা, যাত্রাবাড়ী, ঢাকায় জনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বাদশা উদ্দিন মিন্টু শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী দলের সাধারণ সম্পাদক কাউসার হোসেন সুইট।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাসদ শাহজাহান সিরাজের সাধারণ সম্পাদক এম এ জলিল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, লেখক ও কলামিস্ট রুকসানা আমিন সুরমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাত্রাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম নাজির।
এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নৃত্য পরিচালক মাহফুজুল ইসলাম, জনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থার সহ-সভাপতি এস. আই. সাগর চৌধুরী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন খান এবং প্রচার সম্পাদক জুবায়েত হোসেন। এছাড়া সাংস্কৃতিক কর্মী সৌরভ শেখসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন করেন মোহাম্মদ মিরাজ হোসেন। হামদ-নাত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানবজীবনে ন্যায়, সত্য, মানবিকতা, শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আদর্শ। তাঁর জীবন ও কর্ম মানুষের জন্য শান্তি, ন্যায় ও কল্যাণের পথ দেখায়। সমাজে হিংসা, বিদ্বেষ, অন্যায় ও অনাচার দূর করতে হলে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে। ব্যক্তি ও সামাজিক জীবনে তাঁর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চা আরও বাড়ানো প্রয়োজন। মহানবী (সা.)-এর আদর্শ ধারণ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ন্যায়ের পথে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করেন জনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বাদশা উদ্দিন মিন্টু শেখ।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।