গাজীপুরে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত: দিনব্যাপী জমকালো আয়োজন ও গুণীজন সম্মাননা

গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুরের ঐতিহ্যবাহী লেক ভিউ পার্কে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিশেষ আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২০ জুন ২০২৬ ইং, রোজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে রাত ৮টা পর্যন্ত চলে এই বর্ণাঢ্য আয়োজন। ‘অন্যায়ের সঙ্গে আপোষ নয়, আমরা আছি আপনার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, পথশিশু ও অসহায়-দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান, সদস্যদের পরিবারবর্গ ও অতিথিদের অংশগ্রহণে সম্মাননা স্মারক প্রদান, কনসার্ট, নৃত্য অনুষ্ঠান এবং আকর্ষণীয় লাকি কুপন ড্র।

নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আবুল হোসেনের সভাপতিত্বে এবং সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব গাজী মামুনের চমৎকার ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন গাছা মেট্রো থানা বিএনপির সভাপতি জনাব মনিরুল ইসলাম বাবুল সিপাহী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নুরুজ্জামান নিরু মৃধা। অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি বলেন, “নবীন ও প্রবীণদের এই মেলবন্ধন সমাজের উন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা রাখছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সংস্থাটি যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজ থেকে অন্যায় ও বৈষম্য দূর করতে আমাদের তরুণ ও প্রবীণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আগামী দিনেও এই জনকল্যাণমূলক কাজের সঙ্গে সর্বদা থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, শিক্ষানবিস আইনজীবী এবং ৩৩ নম্বর ওয়ার্ড থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী জনাব আবু হাসান সাগর (এলএল.বি, এলএল.এম) তাঁর বক্তব্যে বলেন, “সমাজ গঠনে এবং অসহায় মানুষের অধিকার আদায়ে তরুণদের এগিয়ে আসতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

দিনব্যাপী এই মহতী অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আলী ফকির, মো. সোহরাব হোসেন, নাছির মাহমুদ, জুনাঈদ ইসলাম বাচ্চু, শাহিন শিকদার, মাজহারুল ইসলাম, শাওন মণ্ডল, মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, হারেজ আলী, কবির মাল, বাহরাম শাহ মৃধা, নুর হাসান সরকার এবং কায়সার মাহমুদসহ সংস্থার সকল সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষ অংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়, যেখানে দেশের নামকরা শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক ও অতিথিদের ভরপুর বিনোদন জোগান। সর্বশেষে আকর্ষণীয় লাকি কুপন ড্র-এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রাত ৮টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানের সার্বিক সৌজন্যে ছিল নিউ ঢাকা ইসলামী জেনারেল হাসপাতালরাহাতুন্নেছা জেনারেল হাসপাতাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *