গাজীপুরে ব্র্যাকের উদ্যোগে সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

গাজী মামুন:

গাজীপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির উদ্যোগে আজ ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে “জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা” অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তাসংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ, জেলা পর্যায়ে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং জেন্ডার-সংবেদনশীল গণপরিবহন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ভূমিকা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি জনাব মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত কর্মশালায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; বরং চালক, পথচারী এবং পরিবহন-সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও আইন মানার মানসিকতা অত্যন্ত জরুরি। ব্র্যাকের এই প্রযুক্তিগত ও সচেতনতামূলক সহযোগিতা আমাদের জেলা পর্যায়ে একটি সুনির্দিষ্ট ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে বড় ভূমিকা রাখবে।”

কর্মশালার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর পরিচয়পর্বের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ও প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন বিআরটিএ (BRTA) গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জনাব এস. এম. মাহফুজুর রহমান। এরপর কর্মশালার প্রত্যাশা ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আবু জাফর।

কর্মশালার মূল সেশনে “সড়ক নিরাপত্তা ও গণপরিবহনে জেন্ডার ইস্যু” বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপনা ও প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রজেক্ট লিড মো. নাজমুল হক। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন পর্বটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ম্যানেজার মো. মাইনুল হোসেন। এই সেশনে উপস্থিত সদস্যবৃন্দ গাজীপুর জেলার বিভিন্ন সড়কের ঝুঁকিপূর্ণ স্থান (ব্ল্যাক স্পট) চিহ্নিতকরণ এবং তা নিরসনের উপায় নিয়ে নিজ নিজ মতামত প্রকাশ করেন।

কর্মশালায় ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির পক্ষে আরও উপস্থিত ছিলেন কমিউনিকেটর পরিতোষ চন্দ্র সেন এবং ফিল্ড কমিউনিকেটর মো. নূর ইসলাম নূর।

অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সালমা খাতুন। তিনি এই কর্মশালার আয়োজনের জন্য ব্র্যাক ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং কর্মপরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

উক্ত উচ্চপর্যায়ের কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারের প্রতিনিধি, গাজীপুর সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা, গাজীপুরের পুলিশ সুপার, সিভিল সার্জন, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষদ্বয়, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিনিধি, গাজীপুর জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির প্রতিনিধি এবং গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

দুপুর ১টা ২০ মিনিটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপনের পর সকল অংশগ্রহণকারীর মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *