আরিফ:
ছাগলনাইয়ায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের আজু মিয়ার ছেলে বিএনপি নেতা সাহাব উদ্দিনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা সাহাব উদ্দিন দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে ছাগলনাইয়া-ফেনী সড়কের বাংলাবাজার বোর্ড অফিসের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে ব্যক্তিগত অর্থায়নে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে একটি ঘর নির্মাণের কাজ করছেন। যা সম্পূর্ণভাবে অবৈধ বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সরকারি জায়গা দখল করে অপরিকল্পিতভাবে ঘর নির্মাণ করা হলে সড়কের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে। এলাকাবাসী সরকারি জায়গা দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, নির্মাণকাজ বন্ধ এবং সরকারি সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সওজের জায়গায় স্থাপনা নির্মাণের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। জায়গা দখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি এবং পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।