স্পোর্টস ডেস্ক:
সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। দলের হয়ে দুই অঙ্কের রান করতে পেরেছেন মাত্র তিনজন। আর ২০ রানের বেশি করতে পেরেছেন কেবল একজন। ফলে বড় সংগ্রহের আগেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।
বৃষ্টির কারণে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের খেলা শুরু হতে বিলম্ব হয়। নির্ধারিত সময়ে টসও অনুষ্ঠিত হয়নি। লাঞ্চ বিরতির পর টস অনুষ্ঠিত হলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান।
ব্যাটিংয়ে নেমে ক্যাগিসো রাবাদার করা প্রথম ওভার নির্বিঘ্নে পার করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। তবে দ্বিতীয় ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। মার্কো ইয়ানসেনের ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ৯ বলে ৩ রান করেন তিনি।
এরপর মুমিনুল হককে নিয়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন রবিন। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ৩৪ রান। তবে ইনিংসের ১৪তম ওভারে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। এনরিখ নরকিয়ার ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন রবিন। ৪০ বলে ২৩ রান করেন তিনি। পরের বলেই ব্যাট করতে নেমে চার হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চতুর্থ বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। শান্তর সংগ্রহ ২ বলে ৪ রান।
এরপর উইয়ান মুল্ডারের বলে ব্যক্তিগত ১১ রানে বোল্ড হন মুমিনুল হক। ফলে দ্রুতই চাপে পড়ে বাংলাদেশ।
তাওহীদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল দল। কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো এবারও বড় জুটি গড়তে পারেননি তারা। মাত্র ১৩ রান যোগ করতেই বিচ্ছিন্ন হন দুজন। লিটন ৮ রান করে আউট হওয়ার পরের ওভারেই সাজঘরে ফেরেন হৃদয়। তার ব্যাট থেকে আসে ১৯ রান।
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৯১ রানে। এরপর ব্যাট করতে নামার কথা দক্ষিণ আফ্রিকার।