ঝালকাঠিতে পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের পশ্চিম অভয়নীল গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী খামারি কবির হোসেন শরীফ বাদী হয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কবির হোসেন শরীফ নিজের বসতবাড়ির পাশে মুদি দোকান ও পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। গত ১৯ মে দিবাগত রাতে প্রতিদিনের মতো তার ছেলে ইমন শরীফ ও প্রতিবেশী শুভ আচার্য ফার্মের পাহারাদার কক্ষে ঘুমাতে যান। ২০ মে রাত আনুমানিক ২:০০ ঘটিকার সময় আগুনের ফুলকি ও ধোঁয়ার গন্ধে তাদের ঘুম ভেঙে যায়। তারা দেখতে পান যে পুরো ফার্মে আগুন জ্বলছে। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

খামারি কবির হোসেন শরীফ জানান, আগুনে তার সম্পূর্ণ ফার্ম, ০৬ বস্তা মুরগির ফিড, ফ্যান, মুরগির খাবারের পাত্র, ওয়্যারিং ও পানির মোটরসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, একই এলাকার শফিক হাওলাদার, রায়হান হাওলাদার, কাইয়ুম হাওলাদার ও ছাব্বির হাওলাদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার মৎস্যঘের নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার আগের দিন দুপুরে অভিযুক্তরা তাকে খামার পুড়িয়ে দেওয়া এবং পাহারাদারদের মেরে ফেলার হুমকি দিয়েছিল। তার ধারণা, শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ড ও হুমকির বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পোল্ট্রি ফার্মে আগুন দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *