আব্দুর রশিদ:
সাতক্ষীরা শহরের কাটিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে তরিকুল ইসলাম ও তার স্ত্রী মারজা খাতুনের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা আব্দুস সালাম, তার স্ত্রী এবং ছেলে সেলিমের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত তরিকুল ইসলাম মৃত আজিজ সরদারের ছেলে এবং অভিযুক্ত আব্দুস সালাম ইনতাজ সরদারের ছেলে বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিবাদী আব্দুস সালাম সাংবাদিকদের জানান, জমিটি তার চাচা মোনাজাত সরদার জাল দলিলের মাধ্যমে বিক্রয় করেছেন। এ নিয়ে বিভিন্ন স্থানে বিচার হয়েছে। বর্তমানে আদালতে মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। এ অবস্থায় তরিকুল ইসলাম জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ করতে গেলে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
ভুক্তভোগীদের দাবি, আদালতের রায় তাদের পক্ষে থাকলেও প্রতিপক্ষ বারবার তাদের জমিতে দখল নিতে বাধা সৃষ্টি করে আসছিল।
রোববার সকালে তরিকুল ইসলাম ও তার স্ত্রী মারজা খাতুন তাদের ক্রয়কৃত জমিতে গেলে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র—জিআই পাইপ, শাবল ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে তাদের গুরুতর আহত করে এবং হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
হামলার সময় তরিকুল ইসলাম ও তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আহত তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন,
“আমি প্রায় তিন বছর আগে জমিটি ক্রয় করি। জমিতে দখল নিতে গেলে বিবাদীরা আমাদের বাধা দেয় এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আমাদের পক্ষে রায় রয়েছে। তারপরও তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এদিকে, হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।