খসরু মৃধা:
রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ ও ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে প্লাস্টিকের ভাঙারি গোডাউন ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পূবাইল থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউনের ভেতরে কভার তার পুড়িয়ে তামা বের করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে টঙ্গী-কালীগঞ্জ ও ঘোড়াশাল আঞ্চলিক সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাপণের কাজ শেষ পর্যায়ে।’
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে, এখন নির্বাপণের কাজ চলছে।’
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমি ও পূবাইল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুলিশ তাদের সহযোগিতা করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে যান চলাচলও স্বাভাবিক হয়ে যাবে।’