আন্তর্জাতিক ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হানিট্রাপ’-এর ফাঁদে পড়ে পাকিস্তানি এক নারী এজেন্টের কাছে ভারতের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য পাচারের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ভারতের কোয়েম্বাটুরের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদীপ মুখার্জি (৩১) নামের ওই নাবিককে গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ।
পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বর্তমানে তিনি কোয়েম্বাটুরে অবস্থান করছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পাকিস্তানি নারী গোয়েন্দার সঙ্গে প্রদীপের যোগাযোগ হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ।
তদন্তে দাবি করা হয়েছে, ওই সম্পর্কের সূত্র ধরে প্রদীপ বিশাখাপত্তনম নৌঘাঁটির যুদ্ধজাহাজের চলাচলসহ বিভিন্ন কৌশলগত ও গোপন তথ্য পাকিস্তানি ওই এজেন্টের কাছে পাঠান।
পুলিশের নজরে সন্দেহজনক কর্মকাণ্ড ধরা পড়ার পর প্রদীপকে নজরদারিতে রাখা হয়। পরে তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং কী ধরনের তথ্য পাচার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।