প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চাঁদপুরে সড়ক সংস্কারে প্রশংসিত সওজ বিভাগ

মোঃ মনির হোসেন: 

চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহে ব্যাপক মেরামত, সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।

তারা বলেন, কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ (আর-১৪০) মহাসড়কের খাজুরিয়া বাজার হতে চাঁদপুর পর্যন্ত অংশ এবং হাজীগঞ্জ-শাহরাস্তী এলাকার কাকৈরতলা বাজার থেকে হাজীগঞ্জ দেবপুর পর্যন্ত সড়কে প্রয়োজনীয় মেরামত, পুনঃসংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, সেতু ও কালভার্ট রংকরণসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধনমূলক কাজ অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

এ সকল উন্নয়নমূলক কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান ও কার্যকর নেতৃত্ব প্রদান করেন সড়ক ও জনপথ বিভাগ, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী। তাঁর দক্ষ পরিকল্পনা, সময়োপযোগী উদ্যোগ ও নিরলস পরিশ্রমের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজসমূহ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংসদ সদস্যরা আরও বলেন, সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের আন্তরিক প্রচেষ্টার কারণে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত, নিরাপদ ও যান চলাচল উপযোগী হয়েছে। এতে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তারা সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জেলার উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় এ ধরনের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে জনগণের স্বার্থে সড়কসমূহ দ্রুত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। নিরাপদ ও উন্নত সড়ক যোগাযোগ নিশ্চিত করতে সওজ বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *