মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মো. আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের টিসিবি ডিলার হিসেবে অন্য ইউনিয়নের একজন বাসিন্দাকে নিয়োগ দেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তাঁরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দাকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিতরণের কথা ছিল। কিন্তু গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনের মধ্যে পণ্য বিতরণ করে বাকি মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও নারীসহ অনেক প্রকৃত কার্ডধারীকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, তাঁরা অসহায় ও নিম্ন আয়ের মানুষ। অল্প টাকায় সরকারি টিসিবির পণ্য কিনে পরিবারের প্রয়োজন মেটান। কিন্তু পণ্য নিতে এসে যদি খালি হাতে ফিরতে হয়, তাহলে তাঁদের দুর্ভোগ আরও বেড়ে যায়। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কার্ডধারীদের হাতে বরাদ্দের পণ্য পৌঁছে দেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা ডিলার প্রতিষ্ঠান ‘নিজাম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, সফটওয়্যার জটিলতার কারণে পণ্য বিতরণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। জটিলতা শেষ হলে পুনরায় পণ্য বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারি নিয়ম মেনেই তিনি ডিলারশিপ পেয়েছেন। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সঙ্গে তিনি জড়িত নন। যাচাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারীদের মধ্যে বরাদ্দের সব পণ্য বিতরণ করা হবে। কারও পণ্য আত্মসাৎ বা সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *