মার্কিন হামলার জবাবে কুয়েত-বাহরাইনের ঘাঁটিতে ফের ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে আইআরআইবি জানায়, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বুধবার মধ্যরাতে দক্ষিণ ইরানে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই যৌথ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির নৌ ও অ্যারোস্পেস ইউনিট যৌথভাবে কুয়েতের আরিফানআল আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইরশেখ ইসা ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ পাল্টা অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা নতুন করে আগ্রাসন চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের অন্যান্য সামরিক ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হবে।

উল্লেখ্য, গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালি অঞ্চলে ইরানের প্রায় ৮০টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে প্রথম দফায় পাল্টা হামলা চালায় আইআরজিসি।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যত শেষ এবং বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এর পরপরই সেন্টকম ইরানে দ্বিতীয় দফা হামলা চালায়।

আইআরজিসি জানিয়েছে, বুধবারের মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই কুয়েত ও বাহরাইনে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *