বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব। তবে তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে তার পরিবার ও নিসচা সূত্র। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এই অভিনেতা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয়েছে। ইলিয়াস কাঞ্চনের পরিবার জানিয়েছে, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে। প্রকৃতপক্ষে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এদিকে প্রিয় নেতার মৃত্যুর মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা যৌথ বিবৃতিতে এ অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। নিসচার নেতারা বলেন, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে যথাযথভাবে যাচাই না করে কোনো তথ্য প্রকাশ করা অত্যন্ত অনৈতিক। যাচাই-বাছাই ছাড়াই ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তার পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অযথা উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে তিনি লন্ডনে যান। সেখানে আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে চিকিৎসকরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত বলে জানান। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলছে। পরিবার ও সংশ্লিষ্টরা তার মৃত্যুর গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।