কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরীর মোহরা-কাপ্তাই সড়কের রাস্তার মাথা এলাকায় প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ দখল ও পরিবহনের দৌরাত্ম্য। কয়েকদিন আগে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালানো হলেও কিছুদিনের মধ্যেই আবারও আগের চিত্র ফিরে এসেছে। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি গ্রামাঞ্চল থেকে আসা সিএনজি অটোরিকশা ও অবৈধ টিকটিকি টেম্পোর অনিয়ন্ত্রিত চলাচলে সড়কে যানজট আরও বাড়ছে। অভিযান শেষ হওয়ার পরপরই দখলদাররা আবার ফুটপাত ও সড়ক দখল করায় প্রশাসনের অভিযান কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গ্যাস পাম্পের ভেতরে গ্রাম সিএনজি অটোরিকশা পার্কিং করা হচ্ছে। সেখান থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের ভাষ্য, অভিযান পরিচালনার পর সাময়িকভাবে দখলমুক্ত হলেও নিয়মিত তদারকি না থাকায় আবারও ফুটপাত ও সড়ক দখল হয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও তৈরি হচ্ছে ঝুঁকি।
ভুক্তভোগীদের দাবি, লোক দেখানো অভিযান নয়, মোহরা-কাপ্তাই সড়কের স্থায়ী সমস্যা সমাধানে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, ফুটপাত দখল, অবৈধ যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং এসবের পেছনে থাকা প্রভাবশালী চক্রের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া মোহরা-কাপ্তাই সড়কের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ দূর করা সম্ভব নয়।