জ্যেষ্ঠ প্রতিবেদক:
আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। আগামী ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা।
হামজার প্রথম ম্যাচে না খেলার বিষয়টি আগে থেকেই জানা ছিল। এবার ফারহানের অনুপস্থিতির বিষয়টিও নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি। তাঁর ভাষ্য অনুযায়ী, ৯ নভেম্বর হামজা ও ফারহান দলের সঙ্গে যোগ দেবেন। ফলে ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচে তাঁদের খেলার সুযোগ থাকছে না।
কোচ থমাস ডুলি বলেন, ‘৯ তারিখ হামজা ও ফারহান আসবে। ফলে তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না। ফিফা উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে।’
এদিকে দলের অন্য কয়েকজন ফুটবলার নির্ধারিত সময়েই ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, ইতোমধ্যে ২২ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছেন। সোহেল রানা সিনিয়র দলের পথে রয়েছেন। রোনান নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন। সামিত, জায়ান ও ফাহমিদুল আগেই যোগ দেবেন। মাহি খানও ইতোমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন।
সাফের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের ২৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় ছিল ১৮ অক্টোবর। টুর্নামেন্ট শুরু হবে ৫ নভেম্বর। স্কোয়াড চূড়ান্ত হওয়ার পর কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে তাঁকে পরিবর্তনের সুযোগ নেই।
এ নিয়ম নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘এটা সব দলের জন্যই প্রযোজ্য। এই নিয়মের কারণে কেউ ইনজুরি হলে বদলের সুযোগ নেই। ফলে এভাবে খেলতে হবে, এটা আসলেই অনেক কঠিন। কিন্তু কিছু করার নেই।’