১০০ বছর বয়সে এমিতে ইতিহাস গড়লেন ডেভিড অ্যাটেনবরো, মনোনয়নে ‘দ্য পিট’-এর দাপট

বিনোদন ডেস্ক:

টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস-এর ৭৮তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় যেমন রয়েছে নতুন রেকর্ড, তেমনি আছে বেশ কয়েকটি চমকও।

সবচেয়ে আলোচিত ঘটনা হলো কিংবদন্তি প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো। নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘A Gorilla Story: Told by David Attenborough’-এর জন্য আউটস্ট্যান্ডিং ন্যারেটর বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ১০০ বছর বয়সে এই মনোনয়নের মাধ্যমে এমির ইতিহাসে সবচেয়ে প্রবীণ মনোনীত ব্যক্তি হিসেবে নতুন রেকর্ড গড়েছেন অ্যাটেনবরো। উল্লেখ্য, এর আগে একই বিভাগে তিনবার এমি জয় করেছেন তিনি।

এবারের মনোনয়নে সবচেয়ে বেশি ২৫টি বিভাগে জায়গা করে নিয়েছে মেডিকেল ড্রামা সিরিজ ‘দ্য পিট’। সেরা ড্রামা সিরিজের পাশাপাশি অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য এবং বিভিন্ন কারিগরি বিভাগেও শক্ত অবস্থান তৈরি করেছে সিরিজটি।

অন্যদিকে কমেডি সিরিজ ‘হ্যাকস’ পেয়েছে ২৪টি মনোনয়ন, যা এমির ইতিহাসে কোনো কমেডি সিরিজের সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড। এছাড়া ‘উইডোজ বে’ পেয়েছে ১৯টি এবং ‘প্লুরিবাস’ অর্জন করেছে ১৮টি মনোনয়ন।

সেরা ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য পিট’-এর সঙ্গে মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘প্যারাডাইস’, ‘সেভারেন্স’, ‘স্লো হর্সেস’, ‘টাস্ক’ এবং ‘দ্য লাস্ট অব আস’

অন্যদিকে সেরা কমেডি সিরিজ বিভাগে রয়েছে ‘হ্যাকস’, ‘দ্য বেয়ার’, ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘প্লুরিবাস’, ‘শ্রিংকিং’‘উইডোজ বে’

ড্রামা সিরিজে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন নোয়া ওয়াইল, স্টার্লিং কে. ব্রাউন, মার্ক রাফালো, গ্যারি ওল্ডম্যান ও রুফাস সিওয়েল। সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন জেনডায়া, কেরি রাসেল, বেলা র‌্যামজি, ক্যারি কুন ও শ্যারন হরগান।

কমেডি সিরিজে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন ইয়াহিয়া আবদুল, স্টিভ ক্যারেল, ম্যাথিউ রেইস, জেসন সেজেল ও মার্টিন শর্ট। অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন কুইন্টা ব্রানসন, আয়ো এদেবিরি, এলে ফ্যানিং, লিসা কুদ্রো ও জিন স্মার্ট।

এ ছাড়া লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’, ‘ডিটিএফ সেন্ট লুইস’ এবং ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’

আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। এবারের আয়োজন সঞ্চালনা করবেন অভিনেত্রী মারিস্কা হারগিটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *