বিনোদন ডেস্ক:
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নতুন কোনো কাজ বা গ্ল্যামারাস উপস্থিতির খবর নয়, এবার জীবনের ক্ষণস্থায়িত্ব ও সম্পর্কের বাস্তবতা নিয়ে দেওয়া এক আবেগঘন বার্তায় আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের অমোঘ সত্য ও পার্থিব প্রাপ্তির ক্ষণস্থায়িত্ব নিয়ে একটি ভাবনামূলক পোস্ট দেন ফারিণ। সেখানে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না।’
জীবনের সবকিছু একসময় ছেড়ে যেতে হয় উল্লেখ করে অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’
ফারিণের এই উপলব্ধি ভক্ত-অনুরাগীদের মধ্যেও সাড়া ফেলেছে। তার পোস্টের নিচে অনেকেই জীবনের বাস্তবতা নিয়ে একমত পোষণ করেছেন। একজন মন্তব্য করেন, ‘এটা একটা চরম সত্য কথা লিখেছেন। বাস্তবতা হচ্ছে, আমরা অনেক কিছু জেনেও মানি না।’ অন্য একজন লিখেছেন, ‘বাস্তব কথা বলেছেন।’
যেভাবে অভিনয়ে ফারিণের পথচলা
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয়ে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছাতেই অভিনয় জগতে পা রাখেন তিনি।
পরের বছর একটি বিজ্ঞাপনে ক্রিকেটার মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন ফারিণ। একই বছর ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
এরপর একের পর এক নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন ফারিণ। ছোট পর্দার পাশাপাশি এখন বড় পর্দা ও আন্তর্জাতিক অঙ্গনেও কাজের মাধ্যমে দর্শকদের কাছে নিজেকে আরও পরিচিত করে তুলছেন এই অভিনেত্রী।