৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী খালিদের বিচার শুরু ২০২৮ সালে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা ৯/১১-এর অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরুর নতুন তারিখ নির্ধারণ করেছেন একটি মার্কিন সামরিক আদালত। আগামী ২০২৮ সালের ৫ জুন তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বুধবার এক লিখিত আদেশে এ তথ্য জানিয়েছেন সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল (বিমানবাহিনী) মাইকেল এ. স্ক্রামা। এর আগে ২০২৭ সালের ১ জানুয়ারি বিচার শুরুর পরিকল্পনা ছিল। তবে বিচারে কোন কোন সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করা হবে, তা নিয়ে মতবিরোধসহ বিভিন্ন বিচার-পূর্ববর্তী আইনি বিষয় নিষ্পত্তিতে আরও সময় প্রয়োজন হওয়ায় সময় পিছিয়ে দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

কী হয়েছিল ৯/১১ হামলায়?

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। আল-কায়েদার ১৯ সদস্য চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে। এর মধ্যে দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে। আরেকটি বিমান আঘাত করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে।

চতুর্থ বিমানটি লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই হামলায় হামলাকারীদেরসহ মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন।

হামলায় অংশ নেওয়া ১৯ ছিনতাইকারীর মধ্যে ১৫ জন ছিলেন সৌদি আরবের, দুজন সংযুক্ত আরব আমিরাতের এবং একজন করে লেবানন ও মিসরের নাগরিক। তারা সবাই আল-কায়েদার সদস্য ছিলেন।

খালিদের বিরুদ্ধে কী অভিযোগ?

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, খালিদ শেখ মোহাম্মদ ছিলেন ৯/১১ হামলার প্রধান পরিকল্পনাকারী। বিমান ছিনতাইয়ের পরিকল্পনা থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার নকশা প্রণয়ন ও নির্দেশনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।

তার সহযোগী হিসেবে ওয়ালিদ বিন আত্তাশ, আলী আবদুল আজিজ আলী ও মুস্তফা আল হাওসাউইয়ের নামও মামলায় রয়েছে। এই তিনজনের বিচার কার্যক্রম পৃথক একটি মার্কিন সামরিক আদালতে চলছে।

আবারও বদলাতে পারে বিচার শুরুর তারিখ

আদালত ২০২৮ সালের ৫ জুন বিচার শুরুর তারিখ নির্ধারণ করলেও ওই দিনই কার্যক্রম শুরু হবে—এমন নিশ্চয়তা এখনো নেই। কারণ এর আগেও খালিদের বিচারের তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে তা এগোয়নি।

খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগীকে বর্তমানে কিউবার গুয়ান্তানামো উপসাগরে অবস্থিত মার্কিন নৌঘাঁটির বন্দিশালায় আটক রাখা হয়েছে।

দীর্ঘ আইনি জটিলতা ও বিচার-পূর্ববর্তী বিভিন্ন বিরোধের কারণে দুই দশকেরও বেশি সময় ধরে ঝুলে থাকা ৯/১১ মামলাটি তাই এখনো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত সন্ত্রাসবাদ-সংক্রান্ত বিচারগুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *