আন্তর্জাতিক ডেস্ক:
পাঞ্জাব সীমান্তের কাছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে দুই পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) তিন পাকিস্তানি নাগরিককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ওই তিন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। তবে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সীমান্ত পার হওয়ার কোনো চেষ্টা করেননি।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান টেলিভিশন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিন নিরস্ত্র বেসামরিক ব্যক্তি একটি সীমান্ত পিলার থেকে কয়েক ধাপ দূরে যাওয়ার পর তাদের ওপর গুলি চালানো হয়। এতে দুজন নিহত এবং একজন আহত হন।
নিরাপত্তা সূত্রের দাবি, ওই তিনজনের কেউই সীমান্তের নিরাপত্তাবেষ্টনী অতিক্রমের চেষ্টা করেননি। ঘটনাটিকে ভারতের সঙ্গে বিদ্যমান সীমান্ত চুক্তির গুরুতর লঙ্ঘন বলেও মন্তব্য করেছে সূত্রটি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তবে এ ঘটনায় পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক্ষেপের ঘোষণা দেয়নি।
এদিকে ভারত সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, নিহত ও আহত তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ কারণে কাশ্মির সীমান্তে প্রায়ই উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তুলনামূলকভাবে পাঞ্জাব সীমান্ত শান্ত থাকলেও সেখানে এ ধরনের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।