আসালাঙ্কাকে বাদ দিয়ে শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ঘোষিত দলে সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কার বাদ পড়া।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে তিন ম্যাচে আসালাঙ্কার ব্যাট থেকে এসেছে মাত্র ১৯ রান। ম্যাচ তিনটিতে তার রান ছিল ১, ১১ ও ৭। এ পারফরম্যান্সের পরই তাকে ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

চোটের কারণে দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাও। তার জায়গায় দলে ফিরেছেন আভিষ্কা ফার্নান্দো ও সাহান আরাচ্চিগে। আভিষ্কা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে ফিরেছেন, আর আরাচ্চিগে প্রায় দুই বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন।

পাথুম নিশাঙ্কাকে ১৬ সদস্যের দলে রাখা হয়েছে। তবে পাকিস্তানে দলের সঙ্গে যাওয়ার আগে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চোটের কারণে তার ফিটনেস নিয়ে শঙ্কা থাকায় চিকিৎসকদের ছাড়পত্রের ওপর তার যাত্রা নির্ভর করছে।

আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ২০ অক্টোবর পাকিস্তান ও ইংল্যান্ড মুখোমুখি হবে। এরপর ২২ অক্টোবর শ্রীলঙ্কা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। লাহোর পর্বে ২৫, ২৭ ও ২৯ অক্টোবর হবে আরও তিনটি ম্যাচ। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

শ্রীলঙ্কার ওয়ানডে দল:
কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, পাভান রত্নায়েকে, কামিল মিশারা, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *