জেলা প্রতিনিধি ::
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।