নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের

মোহাম্মদ হোসেন হ্যাপী:

স্বাস্থ্যসেবার মান ও হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তিন দিনের আল্টিমেটামের পর মাঠে নেমেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করে রোগীসেবার প্রতিটি স্তরে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জরুরি বিভাগ, ইনডোর ওয়ার্ড, অপারেশন থিয়েটার, রান্নাঘর, টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার বাস্তব চিত্র জানার চেষ্টা করেন। পাশাপাশি রান্নাঘরের পরিচ্ছন্নতা, ওষুধের প্রাপ্যতা এবং চিকিৎসক-নার্সদের উপস্থিতিও খতিয়ে দেখা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আজ ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেছি। রোগীরা যেন হয়রানি ছাড়া মানসম্মত চিকিৎসাসেবা পান, সেটিই আমাদের অগ্রাধিকার। হাসপাতালের পরিচ্ছন্নতা, রান্নাঘরের স্বাস্থ্যবিধি, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক-নার্সদের উপস্থিতি—কোনো ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না। কোনো অনিয়ম ধরা পড়লে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “হাসপাতালের বর্জ্য অপসারণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন সব ধরনের সহযোগিতা দেবে। রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সমন্বিতভাবে কাজ করব।”

জেলা প্রশাসক হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে চিহ্নিত ত্রুটিগুলো সংশোধন করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন। সেবার মান তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।

ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জের অন্যতম প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার পর হাসপাতালটিতে পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের এই কঠোর মনিটরিং সেই উদ্যোগেরই ধারাবাহিক অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *