নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর সড়কের বেহাল দশা, দ্রুত সময়ে কাজ শুরু করার আশ্বাস

সূর্য আহমেদ মিঠুন:


‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের মেঘনা ডিপো এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে মেঘনা ডিপোর তেলের গাড়ি, স্থানীয় বাসিন্দা ও রোগীবাহী যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির মালিকানা মেঘনা ডিপো কর্তৃপক্ষের। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রোগী নিয়ে চলাচলের সময় দুর্ভোগ আরও বেড়ে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।‎
‎এ বিষয়ে মেঘনা ডিপোর সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, সড়কটির সংস্কারকাজ খুব শিগগিরই শুরু করা হবে। বর্ষা মৌসুমের কারণে সংস্কারকাজ শুরু করতে কিছুটা দেরি হচ্ছে বলেও জানান তিনি। তবে দ্রুত সময়ের মধ্যে সড়কের মেরামতকাজ শুরু হবে বলে আশ্বাস দেন মেঘনা ডিপোর আরও একজন কর্মকর্তা।‎
‎এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রাতে সিমেন্ট কারখানার ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় আরেকটি সূত্র জানায়, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সিমেন্ট কারখানার ভারী যানবাহনগুলো মূল সড়কে বের হওয়ার জন্য বিকল্প একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে সেটি আর বাস্তবায়িত হয়নি।‎
‎এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা হলে মেঘনা ডিপোর যানবাহন চলাচলের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, রোগী ও সাধারণ পথচারীদের যাতায়াত অনেকটাই সহজ ও নিরাপদ হবে।‎
‎সড়কটি দ্রুত সংস্কারের জন্য মেঘনা ডিপো কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক যাতে পুনরায় দ্রুত নষ্ট না হয়, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *