বাঘমারার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপি, জাবেদ রেজার উদ্যোগে ত্রাণ বিতরণ

শামীম হোসেন সিকদার:

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।

বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ জাবেদ রেজার উদ্যোগে এবং তাঁর সরাসরি উপস্থিতিতে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বসতবাড়ি পরিদর্শন করে নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে জাবেদ রেজা বলেন, “রাত সাড়ে ৩টার দিকে গভীর রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক। মুহূর্তের মধ্যে বহু মানুষের জীবিকা, স্বপ্ন ও বছরের পর বছর ধরে গড়ে তোলা ব্যবসা পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান সবসময় দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁরই নির্দেশনায় আজ আমরা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন, “এই সহায়তা কোনো দয়া বা করুণা নয়, এটি আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যতদিন পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারবেন, ততদিন বিএনপি তাদের পাশে থাকবে। পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তায় আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”

ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ এক সপ্তাহের প্রয়োজনীয় শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। আকস্মিক এই দুর্যোগে সবকিছু হারিয়ে যখন অনেক পরিবার দিশেহারা হয়ে পড়েছিল, তখন দ্রুত মানবিক সহায়তা পৌঁছে যাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ত্রাণ নিতে আসা এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবেগাপ্লুত হয়ে বলেন, “সবকিছু পুড়ে শেষ হয়ে গিয়েছিল। আগামীকাল পরিবার নিয়ে কী খাব, সেই দুশ্চিন্তায় ছিলাম। এমন কঠিন সময়ে জাবেদ রেজা ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাঁর এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।”

ত্রাণ বিতরণ কর্মসূচিতে সংহতি জানিয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান ও রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, সরোয়ার জামাল, চনুমং মার্মা, মাওসেতুন তংচ্যাংগা এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সফি উল্লাহ সফি।

এছাড়াও পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাস ও মহিলা দলের নেতাকর্মীরাও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের বাঘমারা বাজারের বেশ কয়েকটি দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসায়ী কিছুই রক্ষা করতে পারেননি। ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *