আন্তর্জাতিক ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত লংমার্চের তারিখ পিছিয়ে ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ২৭ সেপ্টেম্বর লংমার্চটি হওয়ার কথা থাকলেও শুক্রবার খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি নতুন তারিখ ঘোষণা করেন।
এক বিবৃতিতে সোহেল আফ্রিদি বলেন, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ ৪ অক্টোবর পেশোয়ার থেকে শুরু হবে।
তিনি বলেন, তাদের এই আন্দোলনের লক্ষ্য সংবিধানের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ইমরান খান ঘোষিত ‘হাকিকি আজাদি’ বা প্রাপ্য স্বাধীনতা অর্জন।
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। তার মুক্তির দাবিতে দলটির নেতা-কর্মীরা দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
এদিকে লংমার্চকে কেন্দ্র করে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার। শহরে কয়েক হাজার পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন মহাসড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। পিটিআই নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লংমার্চ সামনে রেখে ইসলামাবাদ অভিমুখী প্রধান মহাসড়ক ও মোটরওয়েগুলো বন্ধ করে দেওয়া হয়েছে অথবা যান চলাচল সীমিত করা হয়েছে। জনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার ইসলামাবাদসহ পাঞ্জাবের কয়েকটি জেলায় রেঞ্জার্স মোতায়েনের অনুমোদন দিয়েছে।
লংমার্চের বিষয়ে খাইবার পাখতুনখওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি বলেন, ‘পিটিআইয়ের লোকজন এখন নিজেরাই গ্রেপ্তার হতে চাইছেন।’ তার দাবি, দলের সদস্যরা এখন দল থেকে বের হওয়ার পথ খুঁজছেন।
অন্যদিকে পিটিআইয়ের পক্ষ থেকে ইমরান খানের মুক্তি এবং তাদের ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।