নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাফটকে এক দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম জানান, ঘুষের টাকাসহ গ্রেপ্তার সাবরেজিস্ট্রার আবদুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল দুদক। শুনানি শেষে আদালত রিমান্ডের পরিবর্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নাকচ করা হয়।
দুদক সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর আইনজীবী তারেকুল আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালানো হয়। ওই আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য কার্যালয়ে গেলে অভিযোগ ওঠে, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধন আটকে রাখা হয়।
পরে নিবন্ধনের জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা অথবা দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) দাবি করা হয় বলে অভিযোগ করেন আইনজীবী তারেকুল আলম। এরপর তিনি দুদকের হটলাইন ১০৬ নম্বরে বিষয়টি জানান।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপণ দাশকে গ্রেপ্তার করে দুদক। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
পরে গত বৃহস্পতিবার ফারুক ইসলাম ও রূপণ দাশকে আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা সাবরেজিস্ট্রারের নির্দেশে ঘুষ নেওয়ার কথা বলেছেন বলে দুদক সূত্রে জানানো হয়েছে।
মামলাটির তদন্ত কার্যক্রম চলছে।