Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চকরিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে প্রস্তুতি সভা - দৈনিক স্বাধীন সংবাদ

চকরিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে প্রস্তুতি সভা

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়ায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে চকরিয়ার কোরক বিদ্যাপীঠ সভা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, সহকারী বন সংরক্ষক শীতল পাল, সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা জরুরি। শুধু সরকারি উদ্যোগ নয়, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে। সভায় জানানো হয়, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি চারা বিতরণ, জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএফও মো. মারুফ হোসেন বলেন, “বন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বন ধ্বংস হলে উপকূলীয় অঞ্চল আরও ঝুঁকির মধ্যে পড়বে। তাই সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই আমরা সবুজ ও বাসযোগ্য কক্সবাজার গড়ে তুলতে পারব।” সভায় আগামী ২৮ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কক্সবাজার জেলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সভায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *