নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অন্যদের স্বার্থে ব্যবহৃত হওয়ার পরিবর্তে নিজেদের স্বার্থ ও শর্তকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্য খেলোয়াড়দের খেলার জন্য বাংলাদেশ দাবার বোর্ড হতে চায় না; বরং নিজেদের শর্তে খেলতে চায়।
তিনি বলেন, মাথা উঁচু রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে বাংলাদেশ প্রস্তুত। তবে পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের স্বার্থ।
উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের সামনে অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন উৎস ও নতুন ক্ষেত্রের দিকে নজর দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে নিজস্ব গ্যাস ও এলএনজির উৎস রয়েছে, যেগুলোর আগে অনুসন্ধান করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে এসব উৎসের অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি সৌরবিদ্যুতের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নাগরিকদের জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা চলছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। এর ফলে দেশের অর্থনীতির ওপর একটি বোঝা তৈরি হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এ বিষয়ে সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান বজায় রেখেছে।
তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে বাংলাদেশ আলোচনা করছে।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।