বিনোদন প্রতিবেদক:
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ আর নিখুঁত অভিনয়ের মাধ্যমে ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। ২০২২ সালে আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এ প্রথমবার দেখা যায় চরিত্রটি। পরে দর্শকদের আগ্রহে অ্যালেন স্বপনকে কেন্দ্র করে নির্মিত হয় স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
অপরাধ ও থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজের প্রথম দুই কিস্তির সাফল্যের পর সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন উঠেছে, আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় কিস্তি। দীর্ঘদিনের অপেক্ষার পর এমন খবরে দর্শকদের মধ্যে আগ্রহও তৈরি হয়েছে। তবে সত্যিই কি ফিরছে অ্যালেন স্বপন—এখনো আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি।
নতুন কিস্তি নিয়ে নির্মাতা শিহাব শাহীন কিছুটা রহস্যই রেখেছেন। গত বছরের শেষের দিকে তিনি জানিয়েছিলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর চিত্রনাট্যের কাজ চলছে এবং এ বছরই শুটিং হওয়ার কথা।
নতুন কিস্তির অগ্রগতি জানতে চাইলে ঢাকা পোস্টকে শিহাব শাহীন বলেন, ‘এখনো কিছু বলার সময় আসেনি। সময় এলে জানাব। আমরা এখনো স্পষ্ট করে কিছু বলতে পারছি না। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
তবে নতুন কিস্তি নির্মিত হলে সেটি চরকি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
এদিকে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রযোজক রেদওয়ান রনি নতুন কিস্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, চরকির অন্যতম বড় অরিজিনাল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে না।
রেদওয়ান রনি বলেন, ‘অফিশিয়াল ডিক্লেয়ারেশন আমরা তখনই দিই, যখন সবকিছু চূড়ান্ত হয়। তবে এটা নিয়ে কাজ চলছে, অনেকদিন ধরেই কাজ চলছে। শিহাব শাহীন কাজ করছেন, চরকির ক্রিয়েটিভ টিম কাজ করছে। মূলত আমরা চিত্রনাট্যের জন্য একটা বড় সময় নিই।’
তিনি আরও বলেন, ‘চরকির অন্যান্য প্রজেক্টের পাশাপাশি অ্যালেন স্বপন নিয়েও কাজ এগোচ্ছে। কবে শুটিং হবে বা কবে মুক্তি পাবে, তা একদম চূড়ান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। আমি এখন যেটা বলছি সেটা কিন্তু অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট না।’
উল্লেখ্য, শিহাব শাহীনের পরিচালনায় ও রেদওয়ান রনির প্রযোজনায় ২০২৩ সালের ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম মৌসুমের পর গত বছরের ৩০ মার্চ মুক্তি পায় দ্বিতীয় মৌসুম। সিরিজটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিক হিসেবেও স্বীকৃতি পায়।
জানা গেছে, তৃতীয় মৌসুম নির্মিত হলে নামভূমিকায় নাসির উদ্দিন খানই থাকবেন। পাশাপাশি রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ারসহ আগের দুই মৌসুমের অনেক শিল্পীর সঙ্গে নতুন মুখও যুক্ত হতে পারেন।
তবে এখন পর্যন্ত তৃতীয় মৌসুম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই দর্শকদের অপেক্ষা করতে হবে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।